লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে বেদে সম্প্রদায়ের বসতঘর পুড়ে গেছে। এতে ৯টি পরিবারের সবকিছু পুড়ে গেছে। আগুন নেভানোর সময় ইসমাত আরা নামে এক নারী আহত হয়েছেন। এ ছাড়া শিকলে বাঁধা একটি বানরও পুড়ে মারা গেছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের নির্বাচন অফিসের পেছনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রওশন আলীর ঘরে তাঁর পুত্রবধূ সোনিয়া গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন। এ সময় সিলিন্ডারের মুখে আগুন ধরে মুহূর্তেই তা ঘরে ছড়িয়ে পড়ে। পরে সিলিন্ডার বিস্ফোরিত হলে আশপাশের ঘরগুলোতেও আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে দুই ব্যক্তির মালিকানাধীন দুটি ঘরের ১১টি কক্ষ পুড়ে গেছে। এতে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, স্বর্ণালংকারসহ তাঁদের ৪০ লাখ টাকার বেশি সম্পদ পুড়ে গেছে।
আগুন নেভানোর সময় মাথায় কাঠ পড়ে ইসমাত আরা নামে এক নারী আহত হন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেকসহ প্রশাসনের কর্মকর্তারা।
এ সময় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্দেশনায় তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন, পোশাক ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।
প্রতিনিধি/আরএইচ