নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল নীলভিটা এলাকায় আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় বাসিন্দা, স্কুলশিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাঁরা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গোলাকান্দাইল নীলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদে মহাসড়ক পারাপারের জন্য দীর্ঘদিন ধরে আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ গত ছয় মাস ধরে আন্ডারপাস নির্মাণের আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।
তাঁদের অভিযোগ, আন্ডারপাস না থাকায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে হচ্ছে। পাশাপাশি এলাকার কৃষকেরাও দুর্ভোগে পড়েছেন। মহাসড়কের কারণে অনেক কৃষক তাঁদের জমিতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন না। এতে প্রায় ৩০০ বিঘা কৃষিজমিতে চাষাবাদ ও কৃষিকাজ ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং কৃষকদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে দ্রুত আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণ করতে হবে। দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও এখনো কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি আমির হামজা সাজোয়ার, রূপগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদ বিন আজিজ শরীফ, রূপগঞ্জ যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ সান অপু, ইউনিয়ন যুবদল নেতা মামুন হাসান অভিসহ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
আন্ডারপাস ও জেব্রা ক্রসিং নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
প্রতিনিধি/আরএইচ