মাগুরায় নকল কীটনাশক বিক্রি, সারের দাম বেশি নেওয়া এবং ভাউচার ছাড়া পণ্য কেনাবেচার অপরাধে মেসার্স আশিক ট্রেডার্স নামের বিএডিসি সার ও কীটনাশক ডিলার প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে মাগুরার শালিখা উপজেলার সিংড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সিংড়া বাজারের মেসার্স আশিক ট্রেডার্সের বিরুদ্ধে নকল কীটনাশক বিক্রির অভিযোগ ছিল। এর আগে সতর্ক করা সত্ত্বেও প্রতিষ্ঠানটি কৃষকদের সঙ্গে প্রতারণা করে নকল কীটনাশক বিক্রি করছিল। অভিযানে এর প্রমাণ পাওয়া যায় এবং হাতেনাতে ধরা হয়। এ সময় প্রতিষ্ঠানটি থেকে সিনজেনটার প্রচুর নকল কীটনাশক জব্দ করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিভিন্ন ধরনের সার বিক্রি করছিল। অভিযানে প্রতি বস্তা সারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি নেওয়ার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আশিক লস্করকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাঁকে সতর্ক করা হয় এবং আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন মাগুরা কৃষি বিপণন অফিসের মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, মেসার্স আশিক ট্রেডার্স নামের বিএডিসি সার ও কীটনাশক ডিলার প্রতিষ্ঠানকে নকল কীটনাশক বিক্রি, সারের দাম বেশি নেওয়া এবং ভাউচার ছাড়া পণ্য কেনাবেচার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/আরএইচ