মাগুরার শ্রীপুরে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, মতবিনিময় সভা, যুব ঋণের চেক বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন সংসদ সদস্য। পরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন তিনি। এ সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ ছাড়া সংসদ সদস্য বরিশাট গুচ্ছগ্রাম প্রকল্পের পুকুর এবং এলাকার প্রস্তাবিত মিনি স্টেডিয়াম নির্মাণের স্থান সরেজমিন পরিদর্শন করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মুনীর অর্ণব, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলী মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম এবং বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান এবং বিভিন্ন প্যানেল চেয়ারম্যান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্যসচিব এস এম সোহাগ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায় এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিনিধি/আরএইচ