ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি গোষ্ঠী। শুক্রবার দেশটির বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয়।
লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহসহ রাজধানী সানা, সা'দা ও তাইজ প্রদেশে বিমান হামলা হয়। সৌদি নেতৃত্বাধীন জোট এই অভিযানকে ‘বিশেষ অভিযান’ বলে উল্লেখ করেছে। জোটের দাবি, হুদাইদাহ বন্দরে অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পাচারের কাজে ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
হামলার আগে হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছিল, হুদাইদাহ বন্দরে আঘাত এলে জেদ্দা বন্দরসহ সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে পাল্টা হামলা চালানো হবে। পাশাপাশি সৌদি আকাশসীমাকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছিল তারা। এ ছাড়া সৌদি রাজধানী রিয়াদের আর্থিক এলাকা ও আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকিও দিয়েছিল গোষ্ঠীটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোসহ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
আরেক পোস্টে তিনি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে।
এদিকে হামলার পর ইয়েমেনের মোখা শহরের একটি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রের ছবি প্রকাশ করেছে হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ।
দেশবার্তা/একে