রোহিঙ্গা গণহত্যার রায় নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

গতকাল ১৯ ফেব্রুয়ারি জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা ও ‘বিশ্ব আদালত’ নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) মিয়ানমারের সেনাবাহিনীকে

2026-11-20T16:26:54+06:00
2026-11-20T16:26:54+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
দ্য টেলিগ্রাফের বিশ্লেষণ
রোহিঙ্গা গণহত্যার রায় নেতানিয়াহুর জন্য সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম 
⏲
সংগৃহীত ছবি
গতকাল ১৯ ফেব্রুয়ারি জাতিসংঘের অন্যতম অঙ্গসংস্থা ও ‘বিশ্ব আদালত’ নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) মিয়ানমারের সেনাবাহিনীকে দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে। আইসিজের এই রায় ইসরায়েলের বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর নেতৃত্বাধীন সরকারের জন্য সতর্কবার্তা বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের অনেকে।

বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে সাম্প্রতিক এ রায়ের পর কোনো দেশকে গণহত্যার অপরাধে দোষী সাব্যস্ত করতে আইসিজের আর ‘সুনির্দিষ্ট, অকাট্য প্রমাণের’ (স্মোকিং গান) প্রয়োজন নেই।

যদিও এক দেশের ঘটনা অন্য দেশের ক্ষেত্রে হুবহু প্রয়োগ করা যায় না এবং প্রতিটি মামলার বিচার নিজস্ব পরিস্থিতি ও গুণাগুণের ভিত্তিতে হয়ে থাকে, তবে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে মামলায় স্থাপিত আইনি নজির গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগের ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরবর্তী পরিস্থিতির প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্বপূর্ণ।

আদালতের ১৯১ পৃষ্ঠার ঐতিহাসিক রায়ে বিষয়গুলো অত্যন্ত সুনিপুণ ও যৌক্তিকভাবে তুলে ধরা হয়েছে। হেগের শান্ত আদালত কক্ষে তিন ঘণ্টা ধরে রায় পড়ে শোনানোর সময় বর্তমান পরিস্থিতির সঙ্গে এর মিলগুলো এড়িয়ে যাওয়া কঠিন ছিল।

অন্যান্য যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের তুলনায় গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘গণহত্যার উদ্দেশ্য’ প্রতিষ্ঠা করা।

এই উদ্দেশ্য প্রমাণিত না হলে বড় আকারের হত্যাকাণ্ড, ধর্ষণ বা ব্যাপক জাতিগত নিধনযজ্ঞের মতো অপরাধ ঘটলেও সেগুলোকে গণহত্যা বলা যায় না। কারণ, সহিংসতা পরিচালনাকারীদের কোনো একটি গোষ্ঠীকে ‘সম্পূর্ণ বা আংশিকভাবে’ ধ্বংস করার ‘ইচ্ছাকৃত’ পরিকল্পনা ছিল, তা প্রতিষ্ঠা করতে হয়।

অন্যান্য অনেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞের মতো ইসরায়েলের আইনজীবীরাও দীর্ঘদিন ধরে বলে আসছেন, এ শর্ত পূরণ করা অত্যন্ত কঠিন। অনেকের ধারণা ছিল, নাৎসিদের ‘ফাইনাল সলিউশন’ (চূড়ান্ত সমাধান) এর মতো কোনো লিখিত দলিল ছাড়া গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করা অসম্ভব।

এছাড়া অভিযুক্ত রাষ্ট্রের কর্মকাণ্ডের পেছনে গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যৌক্তিক ব্যাখ্যা- সেটিও প্রমাণ করতে হয়।

তবে বৃহস্পতিবারের রায় সেই ধারণায় বড় ধাক্কা দিয়েছে। রায় ঘোষণার সময় বিচারক ইউজি ইয়াসিসাওয়া বলেন, এ মামলায় কোনো একক অকাট্য প্রমাণ (স্মোকিং গান) ছিল না। তবে প্রচুর ‘পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ’ (সারকামস্টেন্সিয়াল এভিডেন্স) ছিল। এসব প্রমাণের ভিত্তিতে নয় বনাম ছয় ভোটের সংখ্যাগরিষ্ঠতায় আদালত সিদ্ধান্তে পৌঁছেছে যে, মিয়ানমারের সামরিক জান্তার কর্মকাণ্ডের পেছনে গণহত্যা ছাড়া অন্য কোনো ব্যাখ্যা সম্ভব নয়।

২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের লক্ষ্য করে শুরু হওয়া সেনা অভিযান ‘অপারেশন ক্লিয়ারেন্সে’ কমপক্ষে ১০ হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু নিহত হন। বাস্তুচ্যুত হন সাত লাখের বেশি মানুষ। 

বিশ্ব আদালতের মতে, এই অভিযানকে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত ‘বিদ্রোহ দমন অভিযান’ হিসেবে ব্যাখ্যা করার সুযোগ নেই, যেমনটা মিয়ানমারের সরকার ও সেনাবাহিনী দাবি করে আসছে।

বরং দীর্ঘকাল ধরে অধিকার থেকে বঞ্চিত রাখা, বিদ্বেষপূর্ণ বক্তব্য, নির্বিচারে হত্যা ও ধর্ষণ, শিশুদের লক্ষ্যবস্তু করা, বুলডোজার দিয়ে গ্রাম গুঁড়িয়ে দেওয়া, বিপুল সংখ্যক মানুষকে বাস্তুচ্যুত করা এবং অন্যদের দুর্গম শরণার্থী শিবিরে বন্দি করে রাখার মতো ঘটনাগুলো কেবল একটিই যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে: জান্তার মধ্যে ‘গণহত্যার অভিপ্রায়’ (জেনোসাইডাল ইনটেন্ট) ছিল এবং শেষ পর্যন্ত তারা গণহত্যাই চালিয়েছে- যা বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধ”, রায় পড়ার সময় বলেছেন বিচারক ইউজি ইয়াসাসাওয়া।

রোহিঙ্গা মামলার মাধ্যমে স্থাপিত আইনি নজির শুধু গণহত্যার উদ্দেশ্য প্রমাণে পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ব্যবহারেই সীমাবদ্ধ নয়। এই রায় প্রতিষ্ঠা করেছে, আত্মরক্ষার নামে পরিচালিত বিদ্রোহ দমন অভিযানের পাশাপাশি গণহত্যার উদ্দেশ্যও থাকতে পারে।

বিচারকেরা কোনো ফৌজদারি অপরাধের আগের রায়ের জন্য অপেক্ষা না করে জাতিসংঘের তদন্তকারী সংস্থাগুলোর সংগৃহীত সাক্ষ্য-প্রমাণ ব্যবহার করেছেন। এছাড়া রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, কোনো তৃতীয় পক্ষ- এ ক্ষেত্রে গাম্বিয়া- সরাসরি সংঘাতের সঙ্গে জড়িত না থাকলেও আদালতে মামলা করার অধিকার রাখে।

গাজাসহ অধিকৃত অঞ্চলগুলোতে গণহত্যার অভিযোগে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব আদালতে মামলাটি করে দক্ষিণ আফ্রিকা। গাম্বিয়ার মতো দক্ষিণ আফ্রিকাও এই সংঘাতের সঙ্গে সরাসরি জড়িত নয়; বরং একটি তৃতীয় পক্ষ।

যুক্তরাজ্যভিত্তিক থিঙ্কট্যাংক সংস্থা স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আইন বিষয়ের অধ্যাপক নিমার সুলতানি একসময় ফিলিস্তিনে মানবাধিকারবিষয়ক আইন নিয়ে কাজ করেছেন। 

তিনি বলেন, মিয়ানমারের ক্ষেত্রে আদালত যেভাবে তথ্যের ওপর আইন প্রয়োগ করেছে, তা থেকে এটি অত্যন্ত জোরালোভাবে ইঙ্গিত পাওয়া যায় যে, গাজায় ইসরায়েলের অপরাধের ব্যাপকতা বিবেচনায় নিলে, ইসরায়েলের ক্ষেত্রেও আদালত একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারে।আমার কাছে এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে, গণহত্যার অভিপ্রায় নিয়ে আলোচনার সময় আদালত ১৯৭৮ সাল থেকে শুরু হওয়া মিয়ানমার সামরিক বাহিনীর পূর্ববর্তী সামরিক অভিযানগুলোর কথা উল্লেখ করেছে। এটি সবারই জানা যে, ২০০০ সাল থেকে ইসরায়েল বেশ কয়েকবার গাজায় হামলা চালিয়েছে।

ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা ‘ক্ষতিগ্রস্ত’

বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকার বর্তমানে কেবল তত্ত্বাবধায়ক ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সাধারণ নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। উল্লেখ্য, যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ইতোমধ্যে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির ‘ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন।

তবে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে যদি নেতানিয়াহুকে গণহত্যার দায়ে অভিযুক্ত করে, তাহলে তা তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক প্রধান গাদি আইজেনকোটের জন্য খুব একটা সহায়ক হবে না বলে মনে করা হচ্ছে। বর্তমানে তিনি সরকার গঠনের চেষ্টা করছেন।

কারণ, গাজায় যুদ্ধের প্রথম বছরে, অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আইজেনকোট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ছিলেন। ওই সময়ে ইসরায়েলে বিদ্বেষপূর্ণ বক্তব্যের হার ছিল সর্বোচ্চ এবং গাজায় প্রতিদিন মৃত্যুর সংখ্যাও ছিল সবচেয়ে বেশি।

বৃহস্পতিবারের রায়ের পর ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, আইসিজের রায়ের কিছু অংশ ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করেছে, কারণ কোনো দেশের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে কি না, তা নির্ধারণে প্রয়োজনীয় প্রমাণের মানদণ্ডকে এটি কমিয়ে দিয়েছে।

বিশ্লেষণে আরও বলা হয়, আক্রান্ত গোষ্ঠীর কিছু অংশ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েও থাকে, তবুও অপর পক্ষের পাল্টা আক্রমণ গণহত্যার শামিল হতে পারে। সূত্র: দৈনিক দ্য টেলিগ্রাফ

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

২০২৭ সালে জাতিসংঘের খাদ্যসহায়তা কমেছে, তীব্র সংকটের শঙ্কা
মা হলেন অভিনেত্রী সামান্থা
২৪ ডিসেম্বর ফল, ওইদিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

আওয়ামী লীগের অবরোধে মানিকগঞ্জে স্কুল বন্ধ, অভিভাবকদের খুদে বার্তা পাঠাল কর্তৃপক্ষ
নবাবগঞ্জে ২১ নভেম্বরের সমাবেশ বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
দিনাজপুর জেলা প্রশাসক কে আশা'র দুইশত পিস কম্বল হস্তান্তর
১৩ বছর পর ধর্ষণ মামলায় তিন আসামির যাবজ্জীবন
ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement