আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিবহনব্যবস্থা নিশ্চিত করে এসব নোট ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে ১০০ টাকার নোটের নকশায় আপাতত কোনো পরিবর্তন আসছে না; আগের নকশার নোটই বাজারে সরবরাহ করা হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। কিন্তু গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে নোট পরিবহনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় সেই কার্যক্রম পিছিয়ে যায়।
কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, আগামী সপ্তাহে নিরাপত্তা ও পরিবহনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন নোট ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছানোর পর পর্যায়ক্রমে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসব নোট সাধারণ মানুষের কাছে সরবরাহ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন নকশার নোট ছাপানো ও সরবরাহের প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ এবং প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময় লাগে। এ ছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে ছাপার কাজ শেষ করা সম্ভব হয়নি।
নতুন নকশার নোট বাজারে এলে প্রচলিত মুদ্রাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব নোট ছাড়ার ক্ষেত্রে নিরাপত্তা ও সরবরাহব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশবার্তা/একে