২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে জার্মানির কাছে ৭ গোল হজম করেছিল ব্রাজিল। সেই থেকে ‘সেভেন আপ’ তকমাটি জড়িয়ে আছে দলটির সঙ্গে। এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়ে বড় জয় পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে হ্যাটট্রিক করেছেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের কাল্লাং ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ব্রাজিল। আগের ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারের হতাশা কাটিয়ে বড় জয় দিয়ে বছর শেষ করল সেলেসাওরা।
ম্যাচের নবম মিনিটে ব্রুনো গিমারায়েসের পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ১৫ ও ২১ মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ৩১ মিনিটে এস্তেভাও উইলিয়ানের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান ৪-০ করেন এন্দ্রিক। প্রথমার্ধেই চার গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে ব্রাজিল। ৫১ মিনিটে গোল করেন এস্তেভাও উইলিয়ান। ৬৫ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। ৭৪ মিনিটে অ্যালানের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল সুহাইমি। তাতেই ৭-০ গোলের জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
পুরো ম্যাচে ৬০ শতাংশ বল নিজেদের দখলে রাখে ব্রাজিল। সিঙ্গাপুরের গোলমুখে তারা মোট ২১টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সিঙ্গাপুর আটটি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি।
আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ও উইঙ্গার রাফিনিয়া। ডাগআউটে কোচের দায়িত্ব পালন করেন সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি। আর দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন ব্রুনো গিমারায়েস।
দেশবার্তা/একে