ঘরের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে টানা জয়ে শীর্ষস্থান অর্জন করে সেমিফাইনালে উঠেছে লাল-সবুজের দল। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ সেমিফাইনালে মাঠে নামবে স্বাগতিকরা। একই দিন বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ভুটান মুখোমুখি হবে।
বাংলাদেশের জন্য এই ম্যাচটি কেবল একটি সেমিফাইনাল নয়, বরং দীর্ঘ ২১ বছরের আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ। সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সেবার ১৪ ডিসেম্বর করাচির পিপলস স্টেডিয়ামে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালে নাম লেখায় তারা, যদিও ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে রানার্সআপ হতে হয়।
এরপর দুই দশকের বেশি সময় ধরে কখনো গ্রুপপর্ব আর কখনো সেমিফাইনালেই থেমেছে বাংলাদেশের পথচলা। ফাইনালের দরজা পর্যন্ত পৌঁছেও আর শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠা হয়নি। এবারও প্রতিপক্ষ পাকিস্তান। ২১ বছর আগে যে দলকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠেছিল, এবারও তাদের পরাস্ত করেই ফাইনালে ওঠার হাতছানি।
এছাড়া ২০০৩ সালে ঘরের মাঠে প্রথম ও একমাত্র সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে ২৩টি বছর। ঘরের মাঠে ২৩ বছরের এই শিরোপা অপেক্ষার অবসান ঘটাতে মুখিয়ে আছে হামজা-জামালরা। টুর্নামেন্টের বর্তমান পারফরম্যান্সও সেই আশার পালে হাওয়া দিচ্ছে।
ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে মিশন শুরু করার পর গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। ওই ম্যাচে শমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও রাকিব হোসেন গোল করে দলের আক্রমণভাগের শক্তি ও আত্মবিশ্বাসের প্রমাণ দেন।
তবে এই সাফল্যের মাঝেও কিছু অস্বস্তি রয়েছে স্বাগতিক শিবিরে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর মিডফিল্ডার জামাল ভূঁইয়া পাকিস্তানের হুমকির বিষয়টি স্বীকার করে জানান, দলের পুরো মনোযোগ এখন সেমিফাইনালে। কিন্তু রক্ষণভাগে রয়েছে চোট-সমস্যা। শ্রীলঙ্কার বিপক্ষে গোড়ালির টেন্ডনে চোট পেয়ে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন রাইটব্যাক সাদ উদ্দিন। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দলের অন্য ডিফেন্ডারদের ফিটনেস ও খেলার উপযোগিতা নিয়েও কোচিং স্টাফদের ভাবতে হচ্ছে।
অন্যদিকে, পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। গ্রুপপর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে লড়াই করে হারলেও, শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দাপুটে জয় নিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। ইতোমধ্যে পাকিস্তান দলও নিজেদের হুঙ্কার দিয়ে রেখেছে।
ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। গ্যালারিতে হাজারো সমর্থকের বিপুল সমর্থন নিয়ে হামজা ও তার সতীর্থরা ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন। আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা বজায় রেখে এই ম্যাচে জয় তুলে নিতে পারলে আঞ্চলিক ফুটবলের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দীর্ঘ অপেক্ষা অবসানের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।
দেশবার্তা/একে