বর্ণাঢ্য আয়োজন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামল তারুণ্যের উন্মাদনায় ভরা ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের। মঙ্গলবার (৩ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনার ফাইনালে মুখোমুখি হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। রোমাঞ্চকর লড়াই শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জয় করে এআইইউবি। টুর্নামেন্টে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, বিশিষ্ট ফুটবল কলামিস্ট ও বিশ্লেষক মো. ইকরামুজ্জামান, সাবেক জাতীয় ফুটবলার রুম্মন বিন ওয়ালিদ সাব্বির, বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার সাঈদ হাসান কানন এবং বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ও মো. জাকির হোসেন।
এছাড়া বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা। পাশাপাশি পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখানো খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কারে ভূষিত করা হয়।
ব্যক্তিগত পুরস্কার প্রাপ্তদের তালিকা- ফাইনালে ম্যাচসেরা ইউনুস আবু বকর (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি); টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ইউনুস আবু বকর (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি); সর্বোচ্চ গোলদাতা আক্কাস আলি (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ); সেরা গোলরক্ষক মেহেদি হাসান (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ); সেরা ডিফেন্ডার: রাশেদুল ইসলাম (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ)।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ দেখা যায়। বেসরকারি পর্যায়ে এমন টুর্নামেন্ট আয়োজন করে দেশীয় ক্রীড়াঙ্গনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল এবিজি স্পোর্টস সিটি।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফুটবল প্রতিভার বিকাশ, তরুণদের মাঠে টানা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করাই ছিল এই টুর্নামেন্টের প্রধান লক্ষ্য।
আয়োজকদের আশা, ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুটবল চর্চায় নতুন গতি আনবে এবং এখান থেকেই ভবিষ্যতে জাতীয় দলের জন্য দক্ষ ফুটবলার উঠে আসবে।
দেশবার্তা/একে