সেঞ্চুরি পূর্ণ করার পর পকেট থেকে একটি কাগজ বের করে লিটন কুমার দাস দেখান, যাতে লেখা ছিল-‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই শতক তোমার জন্য।’ ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে শতক হাঁকানোর পর মেয়েকে এভাবেই আবেগঘন উপহার দিলেন তিনি।
জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে সোমবার নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি মেয়েকে উৎসর্গ করেন বাংলাদেশের এই ব্যাটার।
এর আগে প্রথম দিনের শেষ বলে তাওহীদ হৃদয়ের বিদায়ের পর সেঞ্চুরির অপেক্ষা নিয়ে মাঠ ছাড়েন লিটন। দ্বিতীয় দিনের সকালে পিচের আর্দ্রতা ও নতুন বলের চ্যালেঞ্জ দারুণভাবে সামলে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে। মার্কো ইয়ানসেনের বলে পুল করে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।
১৫৫ বলে করা এই শতকে লিটন ১২টি চার ও একটি ছক্কা হাঁকান। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এটি তার প্রথম সেঞ্চুরি। ৫৯ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তার অষ্টম শতক। সেঞ্চুরি পূর্ণ করার পর মেয়ের জন্মদিন উপলক্ষে লেখা বার্তাটি দেখিয়ে তিনি এই ব্যতিক্রমী উদ্যাপন করেন।
এর আগে প্রথম দিনে লিটন ও হৃদয়ের ২০৬ রানের জুটি বাংলাদেশের ব্যাটিংয়ের শক্ত ভিত গড়ে দেয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের এক ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ে প্রথম দিন ৩২৭ রান নিয়ে শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে দলটি তাদের সংগ্রহ আরও সমৃদ্ধ করতে থাকে।
তবে লিটনের সেঞ্চুরির কিছুক্ষণ পর প্যাটেরসনের বলে ১০ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৫৯ রান।
দেশবার্তা/একে