রংপুরকে ৯ উইকেটে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল খুলনা। এই জয়ে টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে দলটি। দীর্ঘ ছয় বছর পর আবারও শিরোপা জয়ের আনন্দে মেতেছে খুলনা। সবশেষ ২০১৯ সালে জাতীয় লিগের শিরোপা জিতেছিল তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শেষ রাউন্ডের শেষ দিনের খেলায় জয়ের জন্য খুলনার সামনে লক্ষ্য ছিল ২০১ রান। এনামুল হক ও আজিজুল হাকিম তামিমের ব্যাটিং তাণ্ডবে সেই লক্ষ্য পেরোতে খুব বেশি বেগ পেতে হয়নি তাদের। ৬৮ বলে ৮১ রান করে এনামুল ফিরলেও ১২৩ বলে ৭৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আজিজুল।
এই রাউন্ড শুরুর আগে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ছিল মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন খুলনা। শিরোপা নিশ্চিত করতে রংপুরের বিপক্ষে ম্যাচে হার এড়ানোই যথেষ্ট ছিল তাদের জন্য। তবে শুধু হিসাবের মারপ্যাঁচে না গিয়ে জয় দিয়েই আসর শেষ করেছে দলটি।
শেষ রাউন্ডের আগে খুলনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল সিলেট। সোমবার বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়ে সাময়িকভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে তারা। শেষ রাউন্ডে পূর্ণ ১০ পয়েন্ট পাওয়ায় সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৩২। তবে রংপুরকে হারিয়ে আবারও শীর্ষস্থান ফিরে পায় খুলনা। নিশ্চিত হয় তাদের শিরোপাও।
ম্যাচের শুরুতে খুব একটা স্বস্তিতে ছিল না খুলনা। প্রথম ইনিংসে রংপুরের ৩৩৮ রানের জবাবে ৩২২ রানে গুটিয়ে যায় তারা। ফলে প্রথম ইনিংসে ১৬ রানের লিড পায় রংপুর। তবে দ্বিতীয় ইনিংসে বল হাতে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটায় খুলনা। সফর আলীর পাঁচ উইকেট এবং মেহেদী হাসান রানার চার উইকেটের সামনে দাঁড়াতেই পারেনি রংপুরের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৮৪ রানেই শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস। এতে খুলনার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২০১ রান।
জবাব দিতে নেমে শুরু থেকেই রংপুরের বোলারদের ওপর চড়াও হন এনামুল ও আজিজুল। উদ্বোধনী জুটিতেই ১২৩ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন তারা। মাত্র ৩৮ বলে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন এনামুল। তার ৬৮ বলের ইনিংসে ছিল ১১টি চার ও তিনটি ছক্কা।
আবু হাশিমের বলে এনামুলের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। তবে তাতে খুলনার জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি। আজিজুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৩৬ রান যোগ করেন কালাম সিদ্দিকী আলীন। বাকি পথটুকু সহজেই পাড়ি দিয়ে দলকে শিরোপা এনে দেন আজিজুল। তার ১২৩ বলের অপরাজিত ইনিংসে ছিল নয়টি চার ও দুটি ছক্কা।
দেশবার্তা/এমআর