মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা, হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে আগুন, ইয়েমেনে নতুন সংঘাত এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার মতো অস্থির পরিস্থিতির মধ্যেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত এক মাসে ১৪ শতাংশ কমেছে। জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় এই দরপতন হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৮৩ দশমিক ৬২ ডলার।
একদিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চল ও রিয়াদে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যার অধিকাংশই প্রতিহত করা হচ্ছে। অন্যদিকে, হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি আরও বেড়েছে।
শুক্রবার যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও এই প্রণালিতে নিরাপত্তাঝুঁকির মাত্রা ‘গুরুতর’ ঘোষণা করে আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছে।
এমন প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন বক্তব্যে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়ে আসছেন।
তবে আঞ্চলিক অস্থিরতা সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। যদিও এক বছর আগের তুলনায় এই পথে তেল পরিবহণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। পাশাপাশি সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মতো গুরুত্বপূর্ণ বিকল্প পথ দিয়েও জ্বালানি সরবরাহ করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সরবরাহ পুরোপুরি বন্ধ না হওয়া এবং বিকল্প পরিবহণপথ সচল থাকায় বিশ্ববাজারে তেলের দাম বড় ধরনের অস্থিরতার মুখে পড়েনি।
দাম কমলেও তেলের বাজার এখনো যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফেরেনি। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর আগে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল প্রায় ৬৭ ডলার। এক মাসে ১৪ শতাংশ কমার পরও তা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ১৬ ডলার বেশি রয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ প্রণালির নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা বিশ্ববাজারের জন্য এখনো উদ্বেগের কারণ হয়ে আছে। তথ্যসূত্র: আল জাজিরা
দেশবার্তা/একে