বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে সরকারের পক্ষ থেকে নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮’-এর ১৩ ধারার বিধান অনুসরণে সরকার এই কমিটি গঠন করেছে।
পুনর্গঠিত নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। কমিটিতে সদস্য হিসেবে ফজলুর রহমান ছাড়াও যুক্ত হয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
এদের পাশাপাশি প্রশাসনিক তদারকি জোরদারে পদাধিকারবলে কমিটির সদস্য করা হয়েছে অর্থ বিভাগের সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এই কমিটিতে সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত এই নির্বাহী কমিটি ট্রাস্টের মূল আইন ও বিধিমালা মেনে সার্বিক কার্যাবলীর পাশাপাশি ট্রাস্টি বোর্ডের অর্পিত যাবতীয় কাজ বাস্তবায়ন করবে। ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি করা, নতুন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন, নিয়ন্ত্রণাধীন সকল বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালিত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়নে এই কমিটি মূল ভূমিকা রাখবে।
একই সঙ্গে ট্রাস্টের হিসাব নিরীক্ষা নিশ্চিতকরণ এবং ট্রাস্টি বোর্ডের নেওয়া সিদ্ধান্তসমূহ মাঠপর্যায়ে বাস্তবায়নে দায়িত্ব পালন করবে এই কমিটি।
দেশবার্তা/একে