কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চীনের উদ্যোগে গঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশন (ওয়াইকো)-এ প্রাথমিকভাবে পর্যবেক্ষক (অবজারভার) হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাংহাইভিত্তিক এই আন্তঃসরকারি সংস্থাটি গত ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে পর্যবেক্ষক হিসেবে যুক্ত হয়ে সংস্থাটির কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রগুলো মূল্যায়ন করবে।
চীনের উদ্যোগে গঠিত ওয়াইকোকে বৈশ্বিক এআই সহযোগিতার একটি নতুন প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। এটি এমন সময়ে প্রতিষ্ঠিত হলো, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়ন, নীতিমালা প্রণয়ন এবং প্রযুক্তিগত নেতৃত্ব নিয়ে বিশ্বজুড়ে প্রতিযোগিতা বাড়ছে।
বিশ্লেষকদের মতে, সংস্থাটি অনেক ক্ষেত্রে মার্কিন নেতৃত্বাধীন প্রযুক্তি কাঠামোর বিকল্প সহযোগিতা প্ল্যাটফর্ম হিসেবেও বিবেচিত হচ্ছে।
ওয়াইকোর ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে- কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করা, উন্নয়নশীল ও উন্নত দেশের মধ্যে ডিজিটাল বৈষম্য কমানো, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং এআই প্রযুক্তির বিকাশে উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা। পাশাপাশি নিরাপদ ও মানবকল্যাণমুখী এআই ব্যবহারের জন্য আন্তর্জাতিক নীতিমালা ও বিধিবিধান উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ওয়াইকোতে ২৯টি দেশ যোগ দিয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ব্রাজিল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগালসহ গ্লোবাল সাউথের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। সংস্থাটির সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যবেক্ষক হিসেবে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, গবেষণা, দক্ষতা উন্নয়ন, নীতিনির্ধারণ এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারবে। একই সঙ্গে বৈশ্বিক এআই শাসনব্যবস্থা, প্রযুক্তি উন্নয়ন ও নিরাপত্তা-সংক্রান্ত আলোচনায় দেশের সম্পৃক্ততা বাড়ার সম্ভাবনাও সৃষ্টি হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ প্রযুক্তিনির্ভর উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। সেই ধারাবাহিকতায় ওয়াইকোতে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে সংস্থাটির কার্যক্রম ও সদস্যদেশগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
দেশবার্তা/এসআইএস/একে