আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশজুড়ে সরকারি সাধারণ ছুটি। গত বছর থেকে দেশের সরকারি ছুটির তালিকায় বিশেষ এই দিনটি যুক্ত হলেও জরুরি ও জনসেবামূলক খাতগুলোর জন্য থাকছে না বিশ্রামের সুযোগ। জনস্বার্থে এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) কেউ নৈমিত্তিক ছুটি নিলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
তবে এই ছুটির আমেজ সবার জন্য প্রযোজ্য নয়। হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, সমুদ্র ও বিমানবন্দর, রেলওয়েসহ গণপরিবহন, কারাগার এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো অতীব জরুরি সরকারি সেবায় নিয়োজিত কর্মীদের কর্মস্থলে উপস্থিতি বাধ্যতামূলক। স্ব স্ব প্রতিষ্ঠানের নিজস্ব ডিউটি রোস্টার বা কর্মসূচি অনুযায়ী তাঁদের এই দায়িত্ব সামলাতে হবে।
অন্যদিকে, পোশাক খাত (গার্মেন্টস) এ দিন বন্ধ থাকবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো বার্তা আসেনি। গত বছর সরকারি ছুটির প্রতি সংহতি জানিয়ে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কারখানা বন্ধের সিদ্ধান্ত নিলেও, এ বছর এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক নির্দেশ জারি করেনি সংগঠনটি।
দেশবার্তা/একে