চট্টগ্রাম নগরের পরিবহন ব্যবস্থাকে আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও পরিবেশবান্ধব করতে ধাপে ধাপে প্যাডেলচালিত রিকশার পরিবর্তে লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ সুবিধা শুধু নিবন্ধিত ও নিয়মিত নবায়নকৃত প্যাডেলচালিত রিকশার মালিকরা পাবেন।
সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেয়র বলেন, যেসব রিকশার নিবন্ধন বা বার্ষিক লাইসেন্স নবায়ন হয়নি, সেগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। কেবল নিবন্ধিত ও নবায়নকৃত প্যাডেলচালিত রিকশার লাইসেন্স জমা দেওয়ার ভিত্তিতেই পরিবেশবান্ধব ই-রিকশার লাইসেন্স দেওয়া হবে। অনিবন্ধিত রিকশা এ সুবিধার আওতায় আসবে না।
তিনি জানান, বর্তমানে নগরীতে প্রায় ৭০ হাজার রিকশার লাইসেন্স থাকলেও এর মধ্যে মাত্র ২৫ হাজারের মতো লাইসেন্স নবায়ন করা হয়েছে। বাকি প্রায় ৪৫ হাজার রিকশার মালিক এখনো নবায়ন করেননি।
এসব মালিককে দ্রুত লাইসেন্স নবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে ভবিষ্যতে ই-রিকশার লাইসেন্স পাওয়ার সুযোগ তৈরি হবে এবং সিটি কর্পোরেশনের রাজস্বও বাড়বে।
ডা. শাহাদাত হোসেন বলেন, শুধু নতুন ই-রিকশা চালু করাই লক্ষ্য নয়, বরং পুরো রিকশা ব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনা হবে। নিবন্ধিত রিকশার তথ্যভান্ডার হালনাগাদ হলে নগরীর যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী দুটি প্যাডেলচালিত রিকশার বিপরীতে একটি লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশার লাইসেন্স দেওয়া হবে। এর ফলে রিকশার সংখ্যা নিয়ন্ত্রণে থাকবে, যানজট কমবে এবং আধুনিক ও পরিবেশবান্ধব নগর পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। পাশাপাশি অবৈধ ও অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত যানবাহনের ব্যবহারও ধীরে ধীরে কমানো সম্ভব হবে।
মেয়র বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একদিকে রিকশাচালকদের শারীরিক পরিশ্রম কমবে, যাত্রীসেবার মান উন্নত হবে এবং পরিবেশ সুরক্ষিত থাকবে। অন্যদিকে সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বাড়বে, যা নাগরিক সেবার মানোন্নয়নে ব্যয় করা হবে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর রিকশা চালক-মালিক ঐক্য পরিষদের সভাপতি আবদুল কাদের মজুমদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান কোম্পানি, সহসভাপতি খোরশেদ আলম কোম্পানি, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন সোহাগ, মহিলা সম্পাদক সালমা আকতার শিউলিসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একে