চট্টগ্রামের অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী ও সাজ্জাদ বাহিনীর অন্যতম শুটার রায়হান আলম রায়হান সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে উদ্দেশ করে একটি পোস্ট দিয়েছেন। পলাতক এই সন্ত্রাসীকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।
রোববার (২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে রায়হান লেখেন, ‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’
পুলিশ ধারণা করছে, সম্প্রতি এসপি মাসুদ আলমের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ পোস্ট দিয়েছেন।
সম্প্রতি নোয়াখালীতে পরিচালিত এক অভিযানে রায়হানকে প্রায় গ্রেপ্তার করা হলেও শেষ মুহূর্তে তিনি একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান।
পরদিন এক সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বলেন, ‘রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোযখ দেখে ফেলেছে।’
ফেসবুক পোস্টে রায়হান নোয়াখালীর স্থানীয় কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘ধন্যবাদ নোয়াখালী রংমালার মানুষদের। তারা এমন নিখুঁতভাবে আমার পাশে দাঁড়িয়েছে।’
তিনি আরও উল্লেখ করেন, বিপদের সময় তিনি সহায়তা পেয়েছেন এবং সুযোগ পেলে ভালো পথে ফিরে আসার ইঙ্গিত দিয়ে লেখেন, ‘বিপদ আসবেই, তাই বলে হতাশ হওয়ার সুযোগ নেই।’
সোমবার এক সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমরা তাকে ধরতে ওই এলাকায় প্রায় ৫ ঘণ্টা চিরুনি অভিযান চালিয়েছিলাম। হতে পারে কেউ তাকে পালিয়ে যেতে কিংবা লুকাতে সাহায্য করেছিল। কিন্তু সুনির্দিষ্ট তথ্য ছাড়া সেটাতো আমরা বলতে পারব না।’
রায়হানের পোস্টে নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানানোর বিষয়ে তিনি বলেন, ‘পুরো নোয়াখালীবাসী তো আর তাকে সাহায্য করেনি। হতে পারে গুটিকয়েক লোক জেনে বা না জেনে তাকে আশ্রয় দিয়েছে। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হান আলম রায়হান চট্টগ্রামভিত্তিক সাজ্জাদ বাহিনীর অন্যতম শুটার হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে ভাড়ায় খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/একে