সিলেটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাতে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কানাইঘাট থানার ধলইমাটি এলাকার আলাউর রহমানের ছেলে মাহবুবুর রহমান (৩৬) এবং জৈন্তাপুর থানার ছাল্লাইন এলাকার মৃত সিরাজুল হকের ছেলে হেলাল আহমদ (৪৯)।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল জৈন্তাপুর থানার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে দরবস্ত ইউনিয়নের ছাল্লাইন এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ হাজার পিস ইয়াবাসহ আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সিলেট জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, এ ঘটনায় জৈন্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/একে