কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান অন্তর ও তাঁর পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন আইনজীবীরা। কর্মসূচি থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী যেন মামলা পরিচালনা না করেন, সে আহ্বানও জানানো হয়।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা বারের নবীন ও প্রবীণ মিলিয়ে শতাধিক আইনজীবী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ, সাবেক সভাপতি মো. শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ মোজাদ্দেদ হাসান আদনান।
বক্তারা বলেন, একজন আইনজীবী ও তাঁর পরিবারের ওপর এ ধরনের হামলা শুধু একটি পরিবারের নিরাপত্তার ওপর আঘাত নয়, এটি বিচারব্যবস্থা, আইনের শাসন এবং আইনজীবীদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশের ওপরও হুমকি।
তারা বলেন, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একজন আইনজীবী যদি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রতি আস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বক্তারা আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বাড়তে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
মানববন্ধন থেকে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অ্যাডভোকেট মিজানুর রহমান অন্তর ও তাঁর পরিবারের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের পক্ষে যেন কোনো আইনজীবী মামলা পরিচালনা না করেন।
উপস্থিত আইনজীবীরা বলেন, এ আহ্বান আইনজীবী সমাজের ঐক্য, পেশাগত মর্যাদা এবং সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত অবস্থানের প্রতিফলন।
বক্তারা বলেন, সন্ত্রাস, সহিংসতা ও হত্যাচেষ্টার মাধ্যমে আইনজীবীদের ভয় দেখিয়ে ন্যায়বিচারের পথ রুদ্ধ করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আইনজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। তারা আইনের শাসন প্রতিষ্ঠায় সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে আপসহীন অবস্থান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মানববন্ধনের শেষে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে অ্যাডভোকেট মিজানুর রহমান অন্তর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান আইনজীবীরা।
প্রতিনিধি/একে