সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বহুতল ব্লিস হাসপাতালে মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও রোগীর স্বজনদের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে হাসপাতালের নিচতলার অক্সিজেন লাইন বা সরবরাহ ব্যবস্থার দিক থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। পরে আগুন ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। এ সময় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। ভবনের জানালার কাঁচ ভেঙে আগুনের শিখা বাইরে দেখা গেলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে প্রায় ১০০ থেকে ১২০ জন রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার পর হাসপাতালের কর্মী, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেন। ধোঁয়ায় ভবনের ভেতর আচ্ছন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হলেও অধিকাংশ রোগী ও তাদের স্বজনকে নিরাপদে বের করে আনা হয়।
বিশেষ করে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও জরুরি বিভাগে ভর্তি রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়। তাদের সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশপাশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে স্থানান্তর করা হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনের বিভিন্ন তলায় আগুন ছড়িয়ে পড়া এবং ঘন ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কর্মীদের বেশ বেগ পেতে হয়।
ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আমরা প্রথমত আটকে পড়া রোগীদের নিরাপদ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছি। একই সঙ্গে আগুন যেন পার্শ্ববর্তী ভবনে ছড়িয়ে পড়তে না পারে এবং দ্রুত তা নিয়ন্ত্রণে আনা যায়, সে লক্ষ্যে জোরালো চেষ্টা চালানো হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং এ ঘটনায় কেউ হতাহত হননি।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন ও ফায়ার সার্ভিস।
প্রতিনিধি/একে