২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় সাকিবের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি নিহতের বাবা-মায়ের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী সব আইনগত প্রক্রিয়ায় আরএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় পরিবারের বসতভিটা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে চলমান বিরোধ আইনগতভাবে নিষ্পত্তিতে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন পুলিশ কমিশনার। পাশাপাশি পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক পুলিশি নজরদারি অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেন।
সাক্ষাৎকালে শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের সদস্যরা পুলিশ কমিশনারের আগমনে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে হত্যা মামলার তদন্তে অগ্রগতি, নিয়মিত খোঁজখবর নেওয়া এবং সার্বিক সহযোগিতার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৫ আগস্ট রাজশাহীর আলুপট্টি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আঞ্জুমান সাকিব।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও মুখপাত্র মো. গাজিউর রহমান (পিপিএম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) নাসিদ ফরহাদ, সহকারী পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মোসা. আরজিনা খাতুন, ট্রাফিক ইন্সপেক্টর নোমান এবং বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারী।
প্রতিনিধি/আরএইচ