বগুড়া-নওগাঁ মহাসড়কে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের নাতি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এরুলিয়া বিমানবন্দর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া শহরের আটাপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় স্বর্ণ ব্যবসায়ী বাবুল হাসান (৫০) এবং তাঁর স্ত্রী জেসমিন বিবি (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে পরিবার নিয়ে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিলেন বাবুল হাসান। তাঁর সাথে স্ত্রী জেসমিন বিবি ও নাতি জুলকার নাঈম ছিল। পথিমধ্যে এরুলিয়া বিমানবন্দর এলাকায় পৌঁছালে একইমুখী একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবুল হাসান।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী জেসমিন ও নাতি জুলকার নাঈমাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেসমিন বিবি। আহত নাতি বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করা সম্ভব হলেও চালক কৌশলে পালিয়ে গেছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া চলছে।
দেশবার্তা/একে