এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে এবার সাফল্যের শীর্ষে রয়েছে বগুড়া। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় বোর্ডের আট জেলার মধ্যে প্রথম হয়েছে জেলাটি।
বগুড়ায় এবার ২৩ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৭৮ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
পাসের হারে বগুড়ার পরের অবস্থানে রয়েছে জয়পুরহাট। এ জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৮৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১৩৮ জন।
নওগাঁয় পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৩৪ জন। রাজশাহীতে পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৪ জন।
পাবনায় পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯৭০ জন। সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম, ৫৮ দশমিক ৬৪ শতাংশ। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯০৭ জন।
জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও অন্য জেলাগুলোর তুলনায় অনেক এগিয়ে বগুড়া। এ জেলার ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহীতে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৪৯ জন। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা জেলার চেয়ে বগুড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫২৯ জন বেশি।
এবার রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে পাসের হার ৭০ শতাংশ ছাড়িয়েছে শুধু বগুড়ায়। অন্যদিকে সিরাজগঞ্জে পাসের হার নেমে এসেছে ৬০ শতাংশের নিচে।
প্রতিনিধি/আরএইচ