চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭।
সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের অভিযান চালিয়ে এসব অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, শুল্ক ও কর ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে বিদেশি সিগারেট মজুদ করে বিক্রি করে আসছিল। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের একটি ভবনে তল্লাশি চালায় র্যাব। তল্লাশিকালে ভবনটির কয়েকটি কক্ষ থেকে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের চোরাই বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর কর্মকর্তা মেজর জালিস মাহমুদ খান বলেন, অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও কেনাবেচার সংবাদের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত সিগারেট জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। অবৈধ চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দেশবার্তা/এমআর