ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন এক গুঞ্জন তীব্রভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও তুরস্কের একাধিক সংবাদমাধ্যমে। তবে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলেও কার্লোস নিজে বা তাঁর কোনো প্রতিনিধির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ঘোষণা দেওয়া হয়নি।
তুর্কি সংবাদমাধ্যম ‘হাবেরলার’-এর বরাত দিয়ে আন্তর্জাতিক ফুটবলবিষয়ক সাময়িকী গোল ডটকম জানায়, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে দেখা করে ইসলাম ধর্মের কালেমা পাঠ (শাহাদাহ) করেন ৫৩ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার।
বিষয়টি নতুন করে চর্চায় আসে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের তথ্য টেনে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি কার্লোসের ইসলাম গ্রহণের এই দাবি করেন।
সাও পাওলোভিত্তিক ‘ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ’ এর প্রতিনিধি শেখ জিহাদ হামাদার উদ্ধৃতি দিয়ে ওই পোস্টে বলা হয়, কার্লোসের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ ছিল। প্রায় এক মাস আগের এক সাক্ষাতে ব্রাজিলিয়ান এই তারকা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে এই খবরের নিরপেক্ষ ও স্বাধীন কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে রবার্তো কার্লোসের দ্বিতীয় বিবাহের খবরও স্পোর্টস অ্যারেনায় বেশ সাড়া ফেলে। মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ ফুটবল এজেন্ট সোহাইলা এল তাহিরির সঙ্গে তাঁর বিয়ের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। চলতি বছরের জানুয়ারিতে জানাজানি হওয়ার পর গত ২৫ জুলাই পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল দলের হয়ে অনন্য ইতিহাস গড়া রবার্তো কার্লোস ক্যারিয়ারের শেষ ভাগে তুরস্কের শীর্ষ ক্লাব ফেনেরবাচেতে খেলেছেন। ফলে তুর্কি সংবাদমাধ্যমে তাঁকে কেন্দ্র করে খবরটি আলাদা গুরুত্ব পাচ্ছে।
তবে তুর্কি পার্লামেন্ট সদস্য ও বিভিন্ন প্রতিবেদনের দাবি সত্ত্বেও রবার্তো কার্লোস বা তাঁর কোনো আনুষ্ঠানিক মুখপাত্রের পক্ষ থেকে বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছুই জানানো হয়নি।
দেশবার্তা/একে