নীলফামারীর লক্ষীচাপ ডি ডি এস দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১৪ জন শিক্ষার্থী নিবন্ধিত হয়। এর মধ্যে ১৩ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৭ জন উত্তীর্ণ হয়। উত্তীর্ণদের সর্বোচ্চ ফলাফল জিপিএ ৩.৮৮। এ ফলাফল নিয়েও প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে মাদ্রাসায় গিয়ে দেখা যায়, খাতায়-কলমে প্রতিষ্ঠানে ৩৫০ জনের বেশি শিক্ষার্থী থাকার তথ্য থাকলেও ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত উপস্থিত ছিল মাত্র ১৩ জন। এত কম উপস্থিতির কারণে নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে সরেজমিন পরিদর্শনের সময় প্রতিষ্ঠানের পাঁচজন নারী শিক্ষক—হাসনাহেনা, রাজিয়া সুলতানা, আয়েশা, রিতা রায় ও হাসিনা—মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। পরে তারা দলবদ্ধভাবে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে প্রতিষ্ঠানে আসেন।
শিক্ষিকাদের সময়মতো উপস্থিত না থাকার বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান প্রধান মাহামুদুল হাসান আফেন্দি বলেন, শিক্ষিকাদের নিয়মিত ও সময়মতো উপস্থিত থাকার বিষয়ে বলা হলেও তারা সঠিক সময়ে উপস্থিত হন না। এ বিষয়ে কথা বললে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে প্রতিষ্ঠান প্রধানের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষিকাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রতিষ্ঠানটির শিক্ষার্থী উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিয়ে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং কার্যকর নজরদারি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্টরা।
প্রতিনিধি/আরএইচ