মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন বিক্ষোভকারীর হাতে লাঠি দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য কয়েকটি বস্তু উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি পক্ষের বিক্ষোভ মিছিল বের হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে কয়েক শ মানুষ ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেন। পরে মিছিলটি হরিরামপুর থানার দিকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানার সামনে মোল্লা শাহিনের কয়েকজন সমর্থক অবস্থান করছিলেন। সেখানে ধুলসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ বিল্লা খানের পক্ষের লোকজন তাঁদের ধাওয়া দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পরে বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করেন। সেখানে বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কর্মসূচি চলাকালে একটি বিকট শব্দ শোনা গেলেও সেটি বিস্ফোরণের শব্দ নয় বলে জানিয়েছে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য কয়েকটি বস্তু উদ্ধার করা হয়।
এর আগে পদ্মা নদীর মাঝখানে সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলার প্রতিবাদে বিএনপির দুই পক্ষ পৃথক কর্মসূচি ঘোষণা করে। থানা ঘেরাওয়ের খবর পেয়ে পুলিশের সদস্যরা থানার সামনে অবস্থান নেন।
হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসেন বলেন, “দুই পক্ষ শান্তিপূর্ণভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান কর্মসূচি পালন করেছে। ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। পরে উভয় পক্ষ কর্মসূচি শেষ করে চলে যায়।”
প্রতিনিধি/আরএইচ