গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসনের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, লং মার্চ সফল করতে সড়কে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা হতে পারে। এ জন্য তিনি আগাম দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, মহিপাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফ্লাইওভারের নিচে আয়োজিত পথসভায় প্রায় ৫০ হাজার লোকের সমাগম হবে। পথসভা সফল করা এবং যানজট নিরসনে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও হাইওয়ে পুলিশের এসপির সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে। যানজট এড়াতে জামায়াত-শিবিরের শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন।
তিনি লং মার্চ ও পথসভা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ফেনী জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক আমির এ কে এম শামছুদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, জেলা কল্যাণ পার্টির সভাপতি মোহাম্মদ ইসমাইল, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মনছুরুল আলম, খেলাফত মজলিসের সভাপতি নাজমুল আলম, জাগপার সভাপতি সাইফুদ্দিন, ফেনী শহর শিবিরের সভাপতি সফিকুল ইসলাম, শিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমানসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ১১ দলীয় ঐক্যের নেতারা নবাগত জেলা প্রশাসক মাহবুবুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর সহযোগিতা কামনা করেন।
১১ দলীয় ঐক্যের নেতারা জানান, লং মার্চ উপলক্ষে ফেনীর মহিপালের পথসভা সফল করতে জেলার সব উপজেলায় সংবাদ সম্মেলন করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে মিছিল ও সভা অনুষ্ঠিত হবে। তাঁদের আশা, পথসভায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হবে।
প্রতিনিধি/আরএইচ