ফেনী জেলাকে একটি আধুনিক, সুশাসিত ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। গণমাধ্যমকে সমাজের দর্পণ এবং জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী উল্লেখ করে তিনি বলেন, জনগণের দুর্ভোগ লাঘব ও সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে নিবিড় সমন্বয় অপরিহার্য।
বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ফেনীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ফেনীর বর্তমান সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে সাংবাদিকরা ফেনী শহরের ক্রমবর্ধমান যানজট, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মানোন্নয়ন, মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং শহর ও গ্রামীণ এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
সাংবাদিকদের বিভিন্ন প্রস্তাব ও নাগরিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক। তিনি আশ্বাস দেন, চিহ্নিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, “একটি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে ফেনীর সমস্যাগুলো তুলে ধরলে তা সমাধানে জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।”
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ফেনী জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ