সকল ঘটনায় সাম্প্রদায়িকতা খোঁজার উসকানিতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। জনগণকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
এ সময় বক্তব্য দেন মাগুরা জেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট কুমুদ রঞ্জন, অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, পুলিশ সুপার মো. আজাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরুন্নাহার।
মন্ত্রী বলেন, মাগুরা সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। কোনো ষড়যন্ত্রই এ জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। দেশ সবার, সবাই সম্প্রীতির সঙ্গে বসবাস করছে। মাগুরায় শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী, ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজাসহ বিভিন্ন সনাতন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়ে আসছে। এসব অনুষ্ঠানে কোনো বাধা এসেছে বলে আমাদের জানা নেই।
তিনি আরও বলেন, সব অপসংস্কৃতি বর্জন করে জীবনমুখী ও গণমুখী সংস্কৃতির পুনর্জাগরণ ঘটাতে হবে। মানুষের অবসর ও বিনোদনের জন্য যেমন ক্রীড়া ও সংস্কৃতি প্রয়োজন, তেমনি পরকালের কল্যাণের আশায় ধর্মীয় চর্চাও অব্যাহত রাখতে হবে।
মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রবর্তন করে সবাইকে বাংলাদেশি হিসেবে পরিচিত করেছিলেন। এখানে ধর্মীয়ভাবে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই। যার যার ধর্ম, সে সে পালন করবে।
তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছরে যে অপসংস্কৃতি চালু করেছিল, তার শিকড় উপড়ে ফেলতে হবে। আমরা দেশে কোনো সাম্প্রদায়িক কর্মকাণ্ডের সুযোগ দেব না।”
সবশেষে তিনি সবাইকে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির সঙ্গে বসবাসের আহ্বান জানান।
প্রতিনিধি/আরএইচ