আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় সব ধরনের সেবা বন্ধের ঘোষণা দিয়েছে রাইডশেয়ারিং প্রতিষ্ঠান উবার টেকনোলজিস।
দীর্ঘ ১২ বছর ব্যবসা পরিচালনার পর গত বুধবার থেকে দেশটিতে কার্যক্রম গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। সম্প্রতি গ্রাহকদের পাঠানো এক বার্তায় সানফ্রান্সিসকোভিত্তিক এ প্রতিষ্ঠান তথ্যটি নিশ্চিত করে।
কোম্পানিটি জানায়, সার্বিক ব্যবসা পর্যালোচনার পর কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে। মূলত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি ও স্থানীয় মুদ্রার অবমূল্যায়নের কারণে পরিচালন ব্যয় অনেকটাই বেড়ে গেছে।
এসব বাড়তি খরচ চালক ও প্লাটফর্মের ওপর মারাত্মক আর্থিক চাপ তৈরি করছে। ২০১৪ সালে নাইজেরিয়ার লাগোসে যাত্রা করে দ্রুত অন্যান্য শহরে সেবা ছড়িয়ে দেয় উবার। তবে সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে কতজন চালক ও যাত্রী প্রভাবিত হবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি কর্তৃপক্ষ।
দেশবার্তা/এমআর