সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি আব্দুল মমিন ওরফে বড় গেদা (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিরাজগঞ্জ পৌর শহরের কোবদাসপাড়া মহল্লার আব্দুস সবুরের ছেলে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সদর থানা পুলিশ ও জেলা ডিএসবি শাখার যৌথ অভিযানে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাজতখানার ভেতরে থাকা আরেক আসামির হাতকড়া খোলার সময় আব্দুল মমিন গেটে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে বের হয়ে যান। পরে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় গিয়ে গ্রিল না থাকার সুযোগে নিচে লাফ দিয়ে পালিয়ে যান। ঘটনার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। দুই দিন পর শনিবার দুপুরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান আব্দুল মমিন ওরফে বড় গেদা।
প্রতিনিধি/আরএইচ