গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করতে ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে আটটি মুসলিম প্রধান দেশ। তারা বলছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা মন্ত্রীর এই পরিকল্পনাটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি পরিকল্পনাকে বিপন্ন করছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে, ‘ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের ভূমি থেকে উচ্ছেদ করার যে কোনো পরিকল্পনা ও কৌশলকে সবচেয়ে জোরালো ভাষায়’ নিন্দা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের সমর্থিত ও ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত শান্তি চুক্তির কথা উল্লেখ করে আট দেশের মন্ত্রীরা এই বিবৃতিতে বলেন, ‘এই ধরনের পদক্ষেপ শান্তি অর্জনের আন্তর্জাতিক প্রচেষ্টাকে সরাসরি বাধাগ্রস্ত করছে। বিশেষ করে গাজার সংঘাত অবসানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ব্যাপক পরিকল্পনা রয়েছে এবং যেখানে জোরপূর্বক বাস্তুচ্যুতির তীব্র বিরোধিতা করা হয়েছে, এটি তার পরিপন্থী।’
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে, কিন্তু গন্তব্য স্থানের বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায় আছে।
তার পরদিন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভর্নর বলেন, এই পরিকল্পনার লক্ষ্য হলো প্রথম বছরে গাজা থেকে আড়াই লাখ ফিলিস্তিনিকে এবং পরবর্তী ছয় বছরে বাকি প্রায় বিশ লাখ বাসিন্দাকে বিতাড়িত করা।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একজন কট্টর সমর্থক, তিনি শুক্রবার গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনার কথা অস্বীকার করেছেন।
দেশবার্তা/একে