আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উপজেলাভিত্তিক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ক্ষেত্রে একটি উপজেলার অধীনে থাকা সবকটি ইউনিয়ন পরিষদে একই সঙ্গে একই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
ইউপি নির্বাচনের সার্বিক পরিকল্পনা তুলে ধরে আখতার আহমেদ বলেন, ‘ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। পাঁচ ধাপে নাকি ছয় ধাপে নির্বাচন হবে, তা এখনো ঠিক হয়নি। তবে আমি এটুকু বলতে পারি, উপজেলাভিত্তিক নির্বাচন হবে। একটি উপজেলার যত ইউনিয়ন রয়েছে, সেগুলো একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
পৃথক ধাপে একই উপজেলার ভোট হলে বিশৃঙ্খলা হতে পারে উল্লেখ করে তিনি জানান, এ শঙ্কা এড়াতেই কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে নির্বাচনের মূল তফসিল ঘোষণার বিষয়টি পরবর্তীতে কমিশন নির্ধারণ করবে।
এদিকে শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনে চলতি সপ্তাহের মধ্যেই উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন ইসি সচিব। তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করায় গত ২২ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে কাজ করছে কমিশন।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, তারা উক্ত উপনির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং প্রথমবারের মতো আইটি সাপোর্টেড ‘পোস্টাল ভোটিং’ এর প্রস্তুতি নিচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন পূজা ও শিক্ষার্থীদের পরীক্ষার সূচি বিবেচনায় নিয়েই নির্বাচনের চূড়ান্ত তারিখ ও শিডিউল ঘোষণা করা হবে।
সংবাদ সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে আগামীতে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনে সাংবাদিকদের জন্য অনলাইনে কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে কমিশন। এ লক্ষ্যে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসিসহ (আরএফডি) বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে বিশেষ সফটওয়্যার তৈরিতে একটি কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
বৈঠকে উপস্থিত বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী বলেন, স্বাধীন সাংবাদিকতার ওপর নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে। অতীতে অপেশাদার বা দলীয় ব্যক্তিবর্গ সাংবাদিক কার্ড নেওয়ার যে ঘটনা ঘটেছে, তা রোধে একটি স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
ইসি সচিবের সভাপতিত্বে এই বৈঠকে অন্যান্যের মধ্যে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন, ইসির অতিরিক্ত সচিব মো. সামসুল আলম, আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে