দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাত ধাপে নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
সোমবার নির্বাচন কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
ইসি জানিয়েছে, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১২ নভেম্বর প্রথম ধাপ, ১৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপ এবং ৩০ ডিসেম্বর তৃতীয় ধাপের ভোট হতে পারে। এরপর আগামী বছরের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং ২৭ মে সপ্তম ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।
তিনি জানান, চট্টগ্রাম ও কুমিল্লায় তিনটি করে উপজেলা প্রথম ধাপে রাখা হয়েছে। যেসব জেলায় ১০ বা তার বেশি উপজেলা রয়েছে, সেসব জেলার দুটি করে উপজেলা প্রথম ধাপে রাখা হয়েছে। এ ছাড়া আদালতের রায়ের কারণে দুটি উপজেলাতেও নির্বাচন আয়োজন করতে হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রথম ধাপের ৮০টি উপজেলা নির্ধারণ করা হয়েছে।
ইসি সানাউল্লাহ বলেন, ষষ্ঠ ও সপ্তম ধাপকে তুলনামূলকভাবে হালকা রাখা হবে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার সুবিধার জন্য ধাপে ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে কমিশনের ঘোষিত তারিখগুলো এখনো সম্ভাব্য। আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পরই ভোটের চূড়ান্ত দিনক্ষণ, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সূচি জানা যাবে।
ইউনিয়ন পরিষদের পাশাপাশি পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানেও নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে। ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হবে।
নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করবে বলেও জানিয়েছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রস্তুতি প্রক্রিয়ার তৃতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে।
দেশবার্তা/এসআইএস/একে