ব্রিকস শীর্ষ সম্মেলন শুরুর এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার ভারতের রাজধানী দিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ১২-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে দুই নেতার বৈঠক এবং ব্রিকস সদস্য দেশগুলোর নিজস্ব মুদ্রায় বাণিজ্যের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
মঙ্গলবার ভারতীয় সাংবাদিকদের সঙ্গে অনলাইন মতবিনিময় সভায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, ব্রিকস সদস্য দেশগুলোর সঙ্গে রাশিয়ার মোট বাণিজ্যের ৯০ শতাংশ লেনদেন নিজ নিজ জাতীয় মুদ্রায় সম্পন্ন হচ্ছে।
মোদি-পুতিন সম্পর্কের গুরুত্ব তুলে ধরে পেশকভ বলেন, দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। তারা বাস্তববাদী এবং বৈশ্বিক এজেন্ডা ও দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোও খোলামেলা ও গঠনমূলকভাবে আলোচনা করতে পারেন।
পাশ্চাত্যের নিষেধাজ্ঞার হুমকিতে থাকা ভারতীয় ব্যবসাগুলোর প্রসঙ্গে পেশকভ বলেন, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার অনেক বিষয় প্রকাশ্যে আলোচনা করা সম্ভব নয়। তবে এসব বিষয় অন্তরালে খুব গভীরভাবে পরিচালিত হচ্ছে।
তিনি জানান, ভারতীয় কোম্পানিগুলো রুশ বাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। মস্কো বিষয়টিকে স্বাগত জানায়। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি তেল সরবরাহে প্রতি মাসেই নতুন রেকর্ড তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের অবস্থানকে স্বাগত জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘আমরা ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই এবং রাশিয়া এই প্রক্রিয়ায় উন্মুক্ত। আমরা কখনও এই যুদ্ধ চাইনি’।
যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা এবং মস্কো ও কিয়েভের মধ্যে মধ্যস্থতার উদ্যোগকেও স্বাগত জানান পেশকভ।
এদিকে রুশ সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের অন্তর্ভুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার যে তালিকা চেয়েছিল, সে বিষয়েও কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র। তিনি জানান, যুদ্ধের ময়দানে থাকা ভারতীয়দের চিহ্নিত করে যত দ্রুত সম্ভব স্বদেশে ফেরত পাঠানোর কাজ চলছে।
দেশবার্তা/এমআর