| চলমান বার্তা: |

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রথম দিন আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রায় সাত বছর পর ভারত সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের পর দুই দেশ যখন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, তখনই তার এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ব্রিকস সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদি ও শির সর্বশেষ বৈঠক হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে। ওই বৈঠকের আগে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) ঘিরে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থা নিরসনে দুই দেশ একটি সমঝোতায় পৌঁছায়। পরে গত আগস্টে চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকেও দুই নেতা বৈঠক করেন। একই সময় বিশকেকে এসসিও সম্মেলনের আনুষ্ঠানিক পারিবারিক ছবির সময়ও তাদের সংক্ষিপ্ত আলাপ করতে দেখা যায়।
২০১৯ সালের অক্টোবরে তামিলনাড়ুর মামাল্লাপুরমে অনুষ্ঠিত দ্বিতীয় অনানুষ্ঠানিক ভারত-চীন শীর্ষ বৈঠকের পর এবারই প্রথম ভারত সফরে আসছেন শি জিনপিং। ওই সফরের কয়েক মাস পরই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা সেনাদের অনুপ্রবেশকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, নয়াদিল্লিতে মোদি-শি বৈঠক সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়ে নতুন অগ্রগতির পথ তৈরি করতে পারে।
দেশবার্তা/এমআর
