চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় নিহত হয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন। সদ্যজাত সন্তানকে রেখে তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আবু বকর সিদ্দিক পিয়াস নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহাবের ছেলে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের তিন বোনের একমাত্র ভাই ছিলেন পিয়াস। ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের কারণে এলাকায় সবার কাছে পরিচিত ছিলেন তিনি। হাসিমুখে কথা বলা ও সহজ-সরল ব্যবহারের জন্য স্বজন এবং প্রতিবেশীদের কাছেও ছিলেন অত্যন্ত প্রিয়।
চাকরির সুবাদে স্ত্রী-সন্তানসহ চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন পিয়াস। দেশের সেবায় নিয়োজিত এই তরুণ সেনাসদস্যের জীবন একটি মর্মান্তিক দুর্ঘটনায় হঠাৎ থেমে গেল।
পরিবারের জন্য সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, মাত্র কয়েকদিন আগে তার ঘরে জন্ম নিয়েছে একটি সন্তান। নতুন অতিথিকে ঘিরে যখন পরিবারের আনন্দ-উচ্ছ্বাস, ঠিক সেই সময়ই আসে পিয়াসের মৃত্যুর সংবাদ। বাবার স্নেহ-ভালোবাসা পাওয়ার আগেই বাবাকে হারাতে হলো নবজাতক সন্তানকে।
পিয়াসের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের তিন বোনের একমাত্র ভাই এবং কয়েকদিন আগেই বাবা হওয়ার আনন্দে থাকা পিয়াসের নিথর দেহ এখন স্বজনদের কাছে এক অসহনীয় বাস্তবতা।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায়ও গভীর শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাকে দেখতে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা ভিড় করেন। স্থানীয়দের ভাষ্য, পিয়াস ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ। বিশেষ করে সদ্যোজাত সন্তানকে রেখে তার চলে যাওয়ার ঘটনা সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা জানান, সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে সদ্যোজাত সন্তানকে রেখে তার চলে যাওয়ার বিষয়টি সত্যিই হৃদয়বিদারক। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
দেশবার্তা/আরএইচ