বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে নেওয়া হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসিইউর মেডিকেল অফিসার চিকিৎসক হাসান আল বান্না বলেন, মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল থেকেই তার অবস্থার অবনতি হয়েছে।
তিনি বলেন, আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি, তবে তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
হাসপাতাল সূত্র ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে অসুস্থ অবস্থায় মেঘমল্লার বসুকে উদ্ধার করা হয়। পরে তার পরিচিত লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন। হাসপাতাল সূত্র জানায়, বিষক্রিয়ার আশঙ্কায় তার পাকস্থলি ধৌত করা হয়েছিল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চিকিৎসকরা মনে করেছেন, তাকে আইসিইউতে নেওয়া দরকার। বিকেল থেকে তার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। এ কারণেই চিকিৎসকরা তাকে আইসিইউতে দিয়েছেন।
এর আগে মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
দেশবার্তা/আরএইচ