দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১০০২ জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন ও উপসর্গ নিয়ে ৯০২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছে। এসময়ে দেশে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ১০০ জন মারা গেছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯০২ জন। নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৬৩ মৃত্যু ঢাকা বিভাগে। এর পরেই বরিশাল বিভাগে ১৯ জন।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪০৪ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরই সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ১৫৬ জনের। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৫, বরিশালে ৫৭, ময়মনসিংহে ৭৭, খুলনায় ৩৭ ও রংপুর বিভাগে মারা গেছে ১৪ জন।
গত ২৪ ঘণ্টায় এক হাজার ১১৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৩৪ জন।
এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৪৭ হাজার ৩৯৩ জনে। তাদের মধ্যে ১ লাখ ৪১ হাজার ৮১৯ জন হাসপাতাল ছেড়েছে।
দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ জনে। আর নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪ জন।
দেশবার্তা/আরএইচ