দেশে আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে এ লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে যুক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডির ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। অ্যাসোসিয়েশন ফর ডিজঅ্যাবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিল যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘শুধু সরকারি উদ্যোগে এটি সম্ভব নয়; আত্মহত্যা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনে ব্যর্থতা ও প্রতিকূলতা আসতে পারে, তবে হতাশ না হয়ে তা মোকাবিলা করতে হবে।’ মানসিক চাপ ও হতাশা কমাতে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিজেদের সমস্যা ও অনুভূতি ভাগ করে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রচলিত ধারণার বাইরে গিয়ে ইতিবাচক চিন্তা, পারস্পরিক সহমর্মিতা ও সচেতনতার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
এডিপির চেয়ারম্যান রওশন আরা জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনের অধ্যক্ষ আফরোজা শারমিন।
দেশবার্তা/এমআর