সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর আল-মাহমুদ এভিনিউ রোডে মন্ত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বজ্রপাতের পর হঠাৎ গ্যাস লাইনে আগুন ধরে গেলে বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাড়ির নিরাপত্তা প্রহরী শফিকুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়ির প্রধান ফটকের পাশে গ্যাস লাইনের একটি রাইজারে আগুনের সূত্রপাত হয়। দুপুর ১টা ১৫ মিনিটে জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণ করেছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
প্রতিনিধি/আরএইচ