পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে ভার্চ্যুয়ালি উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী দেশব্যাপী এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিজ নিজ আঙিনা ও এলাকা পরিষ্কার রাখতে সর্বস্তরের জনগণকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী পর্ব শেষে উপজেলা প্রশাসনের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের গোবরা নদী ব্রিজের উভয় পাশ এবং মহানন্দা শিশু পার্কে এ অভিযান পরিচালিত হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, তেঁতুলিয়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত), একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার খালিদ সাইফুল্লাহ এবং আজিজনগর ব্রাইট স্টার পাঠাগারের সভাপতি তাজউদ্দীন আহম্মেদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ