রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি ফের উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সুইজারল্যান্ডভিত্তিক বিশ্বজুড়ে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা আজ চতুর্থ স্থানে অবস্থান করছে।
মঙ্গলবার সকাল পৌনে ৯টায় রেকর্ড করা বায়ুমণ্ডলীয় তথ্য বিশ্লেষণে এ সূচক প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বায়ুর গুণমান সূচকে (একিউআই) ঢাকার সার্বিক স্কোর রেকর্ড করা হয়েছে ১৬৭। বায়ুর এই মান আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। শহরটির বায়ুমণ্ডলে ভাসমান ক্ষতিকর কণার উপস্থিতি বাড়ায় জনস্বাস্থ্যে ঝুঁকি তৈরি হচ্ছে।
এদিন বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের নগরী হিসেবে তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। শহরটির বায়ুর মান সূচকে স্কোর উঠেছে ২২৫। তালিকায় ২০১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর।
আইকিউএয়ারের তালিকায় ১৬৮ স্কোর তুলে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। অন্যদিকে, ঢাকার ঠিক পরপরই ১৫৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর।
নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে আইকিউ এয়ার প্রতিদিন বিশ্বজুড়ে বায়ুর মানের তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে। তাদের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর থাকলে বায়ুর মান ‘ভালো’ ও ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ ধরা হয়।
আন্তর্জাতিক এই সূচকে ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ গণ্য করা হয়। এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ ও ৩০১-এর বেশি হলে বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ বা জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হয়।
দেশবার্তা/একে