জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বারসিক ও নেজ বাংলাদেশের আয়োজনে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরার ম্যানগ্রোভ হলরুমে এ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দেন বারসিকের প্রোগ্রাম অফিসার মো. শাহিনুর রহমান এবং নেজ বাংলাদেশের ম্যানেজার মো. মনিরুজ্জামান।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ক্ষতির কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা। এ লক্ষ্যকে সামনে রেখে বারসিক বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করছে বলে কর্মশালায় জানানো হয়।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবন ও জীবিকায় কী ধরনের ক্ষতি হচ্ছে, তা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে উপকূলীয় শহর শ্যামনগরের নদীতে মাছের রেণু ধরতে গিয়ে নারীরা নোনাপানির সংস্পর্শে এসে ঘা, পাঁচড়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে।
এ ছাড়া মানুষের অধিকার, জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানবাধিকারের সম্পর্ক এবং পরিবেশগত ক্ষতির কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর এর প্রভাব নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
প্রতিনিধি/আরএইচ