ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতালে চালু করা হয়েছে ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল’। সোমবার (১৪ সেপ্টেম্বর) চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেলের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “একটি মৃত্যুও আমাদের জন্য কাম্য নয়। ডেঙ্গু মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিরোধমূলক ও চিকিৎসামূলক—দুই ধরনের কার্যক্রম একসাথে পরিচালনা করছে।”
তিনি বলেন, চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম মহানগর, জেলার উপজেলা এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার ৮৮২ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩২ জন। এ পর্যন্ত মহানগরে চারজন, উপজেলা পর্যায়ে সাতজন এবং অন্যান্য জেলায় একজনসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
চসিক জেনারেল হাসপাতালে চালু হওয়া ডেঙ্গু ম্যানেজমেন্ট সেলে পুরুষ, নারী ও শিশুদের জন্য মোট ১৫টি শয্যা রাখা হয়েছে জানিয়ে মেয়র বলেন, প্রয়োজন হলে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে। হাসপাতালটিতে ডেঙ্গু শনাক্তকরণে এনএসআই অ্যান্টিজেন পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে।
মেয়র বলেন, অতীতের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গুর প্রকোপ সাধারণত বেশি থাকে। তাই এ দুই মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে চসিকের মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, ক্রাশ প্রোগ্রাম ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “আমরা ডেঙ্গুর বিরুদ্ধে প্রিভেন্টিভ এবং কিউরেটিভ—দুই ধরনের কাজ করছি। লার্ভা ধ্বংসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত বিটিআই ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি এডাল্ট মশা নিয়ন্ত্রণেও নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রতিনিধি/আরএইচ