২০২৬ বিশ্বকাপের পর প্রথম ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম ওলের প্রতিবেদনে জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার মুখোমুখি হবে বিশ্বকাপের রানার্সআপরা। এরপর ৩ ও ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে যথাক্রমে বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে খেলবে তারা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আজ প্রতিপক্ষ, ম্যাচের তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে। তবে এর আগে ফিফার অনুমোদন প্রয়োজন। ম্যাচগুলো ‘ক্লাস এ’ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে স্বীকৃতি পাবে কি না, সে সিদ্ধান্তও ফিফার দেওয়ার কথা।
ম্যাচগুলো ক্লাস এ স্বীকৃতি পেলে বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় নিষিদ্ধ লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এসব ম্যাচে নিজেদের নিষেধাজ্ঞা কাটাতে পারবেন। একই সঙ্গে ম্যাচগুলোর ফল ফিফা র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক পরিসংখ্যানেও যুক্ত হবে।
বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া কয়েকজন তরুণ ফুটবলারকে এই ম্যাচগুলোতে সুযোগ দিতে পারে আর্জেন্টিনা। এজেইজা ক্যাম্পে ২২ বা ২৩ সেপ্টেম্বর থেকে দলের অনুশীলন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই ম্যাচগুলোর কোনো একটিতে লিওনেল মেসিকে দেখা যাবে কি না। গত মাসের শেষদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া আর্জেন্টাইন মহাতারকা শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বলিভিয়া, বুরকিনা ফাসো কিংবা বেনিনের বিপক্ষে কোনো ম্যাচে মেসির বিদায়ী উপস্থিতি ঘটে কি না, সেটিই এখন দেখার বিষয়।
দেশবার্তা/এমআর