নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাত না মেলানোর ঘটনাকে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড স্পষ্ট করেছে, বিষয়টির সঙ্গে বিসিবির কোনো প্রাতিষ্ঠানিক নীতি বা নির্দেশনার সম্পর্ক নেই।
বিষয়টি নিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘অবশ্যই, হারমানপ্রীতের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তটি তার নিজের। আমরা বিশ্বাস করি, খেলাধুলা বিশ্বকে একত্রিত করে। শুধু ভারতের সঙ্গে নয়, সব দেশের সঙ্গেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তাই সে যা করেছে, সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’
এদিকে হাত না মেলানোর বিতর্কের পাশাপাশি জাতীয় দলে নিগার সুলতানা জ্যোতির অধিনায়কত্ব ধরে রাখা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে কিছু অসদাচরণের অভিযোগ জমা পড়েছে বলে বিসিবি সূত্রের খবর। আসন্ন এশিয়ান গেমস শেষ হওয়ার পর এসব অভিযোগ এবং মাঠের পারফরম্যান্স পর্যালোচনা করে জ্যোতির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রফিকুল ইসলাম বাবু জানান, ‘পারফরম্যান্স ও অভিযোগ দুটো বিষয় নিয়েই আমরা বোর্ড সভাপতির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু সামনে এশিয়ান গেমস আছে, তাই গেমস শেষ হওয়ার পর আমরা পুরো পরিস্থিতি মূল্যায়ন করব।’
দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আক্ষেপ প্রকাশ করে বিসিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রথমে আমরা দেখব এশিয়ান গেমসে দল কেমন করে। এরপর কী করা প্রয়োজন, সেটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দলের অনেক ঘাটতি আছে। আমরা বড় দলগুলোর বিপক্ষে জিততে পারিনি। বিশ্বকাপেও ভালো খেলেছি, কিন্তু ছোটখাটো ভুলের কারণে হেরেছি। দলকে আরও শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য আমরা কাজ করছি। এশিয়ান গেমসের পর কী করা যায়, সে সিদ্ধান্ত নেওয়া হবে।’
দেশবার্তা/একে