স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার,

2026-09-13T13:28:04+06:00
2026-09-13T13:28:04+06:00
রোববার ● ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ পিএম 
সংগৃহীত ছবি
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তবে এমপিওভুক্ত শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নেবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলমান নানা আলোচনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের স্থানীয় সরকারের যে পাঁচটি আইন রয়েছে, সেই পাঁচটি আইনের কোথাও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। অতএব, যারা আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের অনুরোধ করব, এ বিষয়ে আপনারা বিভ্রান্ত হবেন না।’

তিনি পরিষ্কার করেন যে ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরসহ সকল পদের জন্যই কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই।

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থিতার বিষয়টি নিয়ে আইনগত রূপরেখা তুলে ধরে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার আইনে বলা আছে- প্রজাতন্ত্রে বা পরিষদে বা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের লাভজনক সার্বজনীন পদে অধিষ্ঠিত ব্যক্তিরা অযোগ্য হবেন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫’ এর বিধি ১১.১৭(খ) অনুচ্ছেদে বলা হয়েছে, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সময়ে একাধিক কোনো পদ বা চাকরিতে কিংবা আর্থিক লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না।

এই নীতিমালার আলোকে শিক্ষকদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করবে নির্বাচন কমিশন। প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ করে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন, স্থানীয় সরকার আইন এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের নীতিমালাকে এক জায়গায় করে এটি ঠিক করবে যে, এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন কি না।’

বিষয়টি নিয়ে আরও কোনো বিস্তারিত তথ্য বা আইনি ব্যাখ্যার প্রয়োজন হলে ইসি পাঠালে তা আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে স্পষ্ট করা হবে বলে তিনি জানান।

সংসদ সদস্য ও অন্যান্য জনপ্রতিনিধি পদে শিক্ষাগত যোগ্যতার শর্ত না থাকার আইনি ও মানবিক কারণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এমপি হওয়ার ক্ষেত্রে তো শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। আমি এমপি হয়েছি, আমার তো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়নি ফর্মে। কারণ আইনে নেই, সংবিধানেও নেই। যেহেতু সংসদ সদস্যদের যোগ্যতার প্রশ্নে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি, লোকাল গভর্নমেন্টের যে পাঁচটি আইন আমরা করেছি, সেখানেও আমরা এটি রাখিনি।’

তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও একজন মানুষ স্বশিক্ষিত হতে পারেন এবং সমাজসেবক বা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন। ফলে সাংবিধানিক ও মানবিক দিক বিবেচনা করেই আইনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দ্রুত বিচারের জন্য সামারি ট্রায়াল করতে হবে: সাতক্ষীরায় আইনমন্ত্রী
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
সাতক্ষীরায় বাস চাপায় নিহত ১
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের
পোশাক বিতর্কে মুখ খুললেন ঐশ্বরিয়া লক্ষ্মী

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা
ডেঙ্গু প্রতিরোধে মুন্নু মেডিকেল কলেজের শোভাযাত্রা
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
বাবুগঞ্জে জাতীয় যুব সংহতির নতুন আহ্বায়ক কমিটি গঠন
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]